সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তর থেকে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি পাহাড়ি ছড়ার পাথরের ফাঁকে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম মিক কন্দ দানী (৬০), তিনি উপজেলার তুরুং গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিক কন্দ দানী জীবিকার তাগিদে প্রায়ই সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহ কিংবা খাসিয়া পল্লিতে শ্রমিকের কাজ করতে যেতেন। বুধবার সকালে তিনি একইভাবে সীমান্ত পার হয়েছিলেন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের শরীরে পাথরের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানিয়েছে, বিএসএফ বা খাসিয়াদের গুলিবর্ষণে এই মৃত্যুর ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথুরে পাহাড়ি এলাকায় চলাচলের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে বা অন্য কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























