বরিশাল নগরীতে চলাচলকারী থ্রি-হুইলারের পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। একই সঙ্গে থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে।
সোমবার নগর ভবনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সম্প্রতি নগরীতে চলাচলকারী গণপরিবহন থ্রি-হুইলার ও হলুদ অটোরিকশার চালকরা পূর্বের ভাড়ার চেয়ে দ্বিগুণ হারে ভাড়া আদায় করছিলো। এর প্রতিবাদে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিএম কলেজের সামনে জড়ো হয়ে শতাধিক অটোরিকশা ও সিএনজি আটক করে ক্যাম্পাসের মধ্যে আটকে রাখে।
শিক্ষার্থীদের অভিযোগ, নথুল্লাবাদ-লঞ্চঘাট, নথুল্লাবাদ-চৌমাথা এবং নথুল্লাবাদ-রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে অন্তত ১০/২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করাসহ চালকদের নানান কটূক্তি শুনতে হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে গত এক সপ্তাহ আগে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি নিরসনে সোমবার দুপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনকে নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। বৈঠকে মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে যাত্রী-সাধারণের স্বার্থ বিবেচনায় থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়ার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 















