প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বাজেটের সমালোচনা প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মতো উন্নত দেশগুলোর ঘাটতি বাজেটের উদাহরণ তুলে ধরেন।
সংসদে বিরোধীদলের উদ্দেশে মন্ত্রী বলেন, “যারা বাজেট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তাদের জন্য বলতে চাই, আপনারা প্রথমবার বিরোধী দল হয়েছেন, তাই অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করছেন। সরকারি দল এখনো হননি। আমার বিশ্বাস, আরও দুই-চারবার-পাঁচবার বিরোধী দল থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না।”
শেখ রবিউল আলম আরও বলেন, বাজেট নিয়ে সংসদে তিনি খুব বেশি সমালোচনা শোনেননি, বরং কিছু শঙ্কা প্রকাশ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, রাজস্ব আয়ে ঘাটতি হবে না, কারণ ই-চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ জোরদার করা হবে এবং কর অব্যাহতি হ্রাস করা হবে। মন্ত্রী বলেন, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভ্যাট কাঠামোতে নতুন বিন্যাস আনা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের রাজস্ব আহরণ কর-অনুপাত (জিডিপির ৯ শতাংশের কাছাকাছি) নেপাল-ভুটানের (১৩-১৪ শতাংশ) চেয়ে কম, যা অর্থমন্ত্রী একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, রাজস্ব আয়ে কোনো ঘাটতি হবে না। ব্যাংক ঋণের বিষয়ে মন্ত্রী জানান, গত ২৫-২৬ অর্থবছরের ১ লাখ ১৮ হাজার কোটি টাকা থেকে এবার ১ লাখ ১২ হাজার কোটি টাকায় ব্যাংক ঋণ কমেছে।
রিপোর্টারের নাম 

























