প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে তথ্য দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশবিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।
রিপোর্টারের নাম 





















