বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদেরও শেখ হাসিনার মতো একই পথে বিদায় নিতে হবে।
মামুনুল হক অভিযোগ করেন, গত ১৫ বছরের রাজনৈতিক ব্যর্থতার কারণে অসংখ্য প্রাণ ঝরেছে। ২০১৩ সালের শাপলা চত্বর থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই বিপ্লবের পক্ষে রায় দিয়েছে। এই গণরায়ের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাব তৈরি হয়েছিল, তা পাশ কাটিয়ে কোনো ‘চোরাই পথ’ অবলম্বন করা আত্মঘাতী হবে। জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে দেশের মানুষ তা বরদাশত করবে না। সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার এই লড়াইয়ে খেলাফত মজলিস যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও তিনি ঘোষণা দেন।
রিপোর্টারের নাম 























