বাংলাদেশের ক্রমবর্ধমান নগরায়ণ প্রক্রিয়া একদিকে যেমন উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে, অন্যদিকে এটি অপরিকল্পিত অভ্যন্তরীণ অভিবাসনের কারণে এক জটিল সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটে রূপ নিচ্ছে। গ্রাম থেকে শহরের দিকে মানুষের অবিরাম প্রবাহ শহরের অবকাঠামোর ওপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করছে, যা সামলানোর জন্য শহরগুলোর প্রস্তুতি প্রশ্নবিদ্ধ।
জীবন ও জীবিকার সন্ধানে মানুষ গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছে। উন্নত জীবনের আশায় অনেকে শহরে স্থায়ী হচ্ছে। কৃষিভিত্তিক অর্থনীতির সংকোচন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাব, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহরমুখী করছে। এছাড়া, উন্নত শিক্ষা ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধাও মানুষকে শহরমুখী করছে। তবে, এই বিশাল জনস্রোতের সঙ্গে তাল মিলিয়ে শহরের আবাসন খাত, গণপরিবহন ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অবকাঠামো গড়ে ওঠেনি, ফলে শহরের ভঙ্গুরতা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে।
বিশেষ করে বিপুল জনগোষ্ঠীর আবাসন সংকট এই সমস্যার সবচেয়ে দৃশ্যমান দিক। শহরে আসা নিম্ন আয়ের মানুষজন সাশ্রয়ী বাসস্থানের খোঁজে বস্তি বা অতি সাধারণ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়। এসব এলাকায় পর্যাপ্ত পানি, স্যানিটেশন বা নিরাপত্তার ব্যবস্থা থাকে না, ফলে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। এসব স্থানে ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও খুন-খারাবির মতো অপরাধ প্রবণতাও বেড়ে যায়।
রাজধানী ঢাকার মতো মেগাসিটির পরিবহন ব্যবস্থা ইতোমধ্যেই স্থবিরতার দিকে মোড় নিয়েছে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঢাকা বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। অভ্যন্তরীণ অভিবাসনের কারণে প্রতিনিয়ত এর জনসংখ্যা বাড়লেও সড়ক অবকাঠামো এবং উন্নত যানবাহন সুবিধা সেই অনুপাতে বাড়ছে না। এর পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লেও গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন তুলনামূলকভাবে ধীরগতিতে হচ্ছে, যা ঢাকার যানজট সমস্যাকে আরও প্রকট করে তুলেছে।
রিপোর্টারের নাম 





















