সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ করেছে নৌবাহিনী। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নৌবাহিনী জানায়, শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে গভীর সমুদ্রে দুটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করা হয়। পরে ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে ওই বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অবৈধভাবে এই সিমেন্ট প্রতিবেশী দেশ মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে যেকোনো ধরনের অবৈধ পাচার ও অনুপ্রবেশ রোধে নৌবাহিনীর কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























