দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রূপায়ণ গ্রুপের মেগা প্রকল্প ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর শীর্ষস্থানীয় নেতারা। এই পরিদর্শনে তারা রূপায়ণ সিটির নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন সদস্যবৃন্দ এই পরিদর্শনে অংশ নেন। এসময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রতিনিধি দলটি রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির বিভিন্ন প্রকল্প, আধুনিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা এবং পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানের এই প্রকল্পটির স্থাপত্যশৈলী, সবুজায়ন এবং উন্মুক্ত স্থানের চমৎকার সমন্বয় দেখে রিহ্যাব নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের আবাসন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে রূপায়ণ গ্রুপ যে সাহসী ও দূরদর্শী ভূমিকা রাখছে, রূপায়ণ সিটি উত্তরা তার এক অনন্য উদাহরণ। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়তে এ ধরনের প্রকল্প দেশের আবাসন খাতকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও উল্লেখ করেন, দেশের ভেতরে এত সুন্দর আবাসন প্রকল্প করা যায়, তা অনেকের অজানা। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি একান্ত প্রয়োজন।
রিহ্যাব সভাপতি জোর দিয়ে বলেন, সরকার সহযোগিতা করলে দেশের আবাসন খাত বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি রূপায়ণ সিটিতে বিদেশি নাগরিকদের বসবাসের বিষয়টি উল্লেখ করে এর নিরাপত্তা ও আন্তর্জাতিক মানকে বিশেষভাবে প্রশংসা করেন। পরিদর্শন শেষে উভয় পক্ষের মধ্যে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
রিপোর্টারের নাম 

























