ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর, কঠোর ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের নিরাপত্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক কাঠামো বদলে যাচ্ছে এবং নির্দিষ্ট কিছু এলাকায় জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের শনাক্ত করে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। এজন্য সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রও গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান।
নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তারা অনুপ্রবেশকারী নন বরং তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তবে যারা ভারতের সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনীকে অসম্মান করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। শুভেন্দুর এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























