ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় তিনি এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলার এই বিধ্বংসী ভূমিকম্পের খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সাধারণ মানুষের পাশে থাকার সংহতি প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, যেকোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভেনেজুয়েলার সরকার ও জনগণকে এই সংকট কাটিয়ে ওঠার জন্য সাহস ও শক্তি সঞ্চয়ের আহ্বান জানান এবং দেশটির দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।
রিপোর্টারের নাম 






















