বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিতব্য যৌথ সভায় দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই আশাবাদ ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জানানো হয়, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় ‘বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ সভা অনুষ্ঠিত হবে। এই সভাতেই চুক্তি দুটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অপরাধ দমন এবং পাচারকৃত অর্থ ও সম্পদ চিহ্নিত করে তা পুনরুদ্ধারে যুক্তরাজ্যের কারিগরি ও আইনি সহযোগিতা কামনা করা হয়। এছাড়া ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















