নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিরোধে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন প্রচেষ্টা। বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি এলাকা দিয়ে বিএসএফ ৯ জন বাংলাদেশিকে পুশইন করার চেষ্টা করে। এর ফলে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার ভোর ৪টার দিকে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা উল্লিখিত এলাকা দিয়ে ৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু ছিল। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর থেকেই ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়েও ৪০ জন বাংলাদেশিকে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে সে সময়ও তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবং বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল।
রিপোর্টারের নাম 

























