দুর্নীতি ও অর্থ তছরুপের অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘ দুই বছরের তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনে প্রভাব বিস্তার এবং তহবিলের অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
৫৫ বছর বয়সী বেগোনা গোমেজ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একটি উগ্র ডানপন্থি সংগঠনের অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে মাসে অন্তত দুইবার হাজিরা দিতে হবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মামলাকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা তার পরিবারকে হেনস্তা করার জন্য এই ষড়যন্ত্র করছে।
স্পেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলাটি সানচেজ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই, তবে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান তদন্ত সরকারকে অস্বস্তিতে ফেলেছে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি এই আইনি প্রক্রিয়াকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে বর্ণনা করে বেগোনা গোমেজের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 























