বাগেরহাট থেকে: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, দেশের সম্ভাবনাময় জেলাগুলোর মধ্যে বাগেরহাট অন্যতম। এই জেলার উর্বর মাটি ও প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে কৃষি খাতে এক নতুন বিপ্লব আনা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, এখানে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত পার্টনার ফিল্ড কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রাহাদ বলেন, বাগেরহাটে নারকেল গবেষণা কেন্দ্র ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতি পাবে। তরুণ ও বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে কৃষি খাতে বাগেরহাটের উৎপাদিত ধান ও পাট দেশের বিভিন্ন স্থানে সরবরাহ এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আগামীতে বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত রিমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফিল্ড কংগ্রেসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রবসহ বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























