নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের ২০তম দিবস উপলক্ষে আগামী ২২ জুন এই অ্যাওয়ার্ড প্রদানের কথা থাকলেও, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল গত ১৭ জুন ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ২২ শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করে, যেখানে উপাচার্য এবং উপ-উপাচার্যের স্বাক্ষর ছিল। তবে, মাত্র একদিন পর ১৮ জুন ডিনস অফিস থেকে একটি নতুন তালিকা প্রকাশ করা হয়, যেখানে পূর্বের তালিকা থেকে তিনজনকে বাদ দিয়ে চারজনকে নতুন করে যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়। এছাড়াও, বিএমবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বাদ দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই তালিকাটি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে নাহিন সুলতানা লিজা (ইইই), নিলয় দাস (আইসিই) ও হৃদয় বণিক (ইইই) অ্যাওয়ার্ড পাচ্ছেন। বিজনেস স্টাডিজ অনুষদে নাফিসা জান্নাতুল মাওয়া (এমআইএস), সাদিউল আলম চৌধুরী (ব্যবসায় প্রশাসন) ও এমরান হোসাইন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট)। জীববিজ্ঞান অনুষদে মো. রকিবুল হাসান (অণুজীববিজ্ঞান), ফজলে রাব্বী শুভ (ফার্মেসি) ও সুকন্যা সাহা (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি)। আইন অনুষদে মো. মুবদি ইসলাম (আইন)। বিজ্ঞান অনুষদে ইশরাত জাহান (পরিসংখ্যান), মনিকা ধর (সমুদ্রবিজ্ঞান) ও নাদিয়া জাহান (সমুদ্রবিজ্ঞান)। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইশরাত জাহান ইভা (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), সাদিয়া সুলতানা (সমাজকর্ম) ও মোসাম্মৎ কামরুন নাহার (অর্থনীতি)।
অন্যদিকে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদে রাহনুমা নূরাইন (শিক্ষা), হাফসা আক্তার (শিক্ষা প্রশাসন) ও আরাফাত উল্লাহ আরমান (শিক্ষা) অ্যাওয়ার্ড পাচ্ছেন। বিজনেস স্টাডিজ অনুষদে মারিয়া তাবাসসুম (এমআইএস), আয়েশা সিদ্দিকা (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) ও ডালিয়া রানী শর্মা (ব্যবসায় প্রশাসন) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
রিপোর্টারের নাম 




















