হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এই অভিযানে বিধু দেব (৪৫) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধু দেব নিজের জমি থেকে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন করে আসছিলেন।
তাঁর এই অবৈধ কার্যক্রমের ফলে আশপাশের কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।
অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, ‘সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। যারা আইন অমান্য করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসন বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
রিপোর্টারের নাম 
























