আঞ্চলিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে পড়া বিদেশিদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। এই বিশেষ ছাড়ের সময়সীমা আগামী ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো প্রকার জরিমানা ছাড়াই তাদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন অথবা দেশ ত্যাগ করতে পারবেন। এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে পারেননি এবং পূর্বে ‘ওভারস্টে’ জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলজুড়ে পরিস্থিতি এখন স্থিতিশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ বজায় রাখতে কিংবা স্বাভাবিক নিয়মে ফিরে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আইসিপি আরও জানিয়েছে যে, পূর্বে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্তটি ছিল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে ভ্রমণকারী এবং দর্শনার্থীদের সহায়তা করার একটি মানবিক পদক্ষেপের অংশ। সংস্থাটির মতে, বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় জরিমানা মওকুফের প্রয়োজনীয় পরিস্থিতি আর বিদ্যমান নেই।
এই সুবিধা পেতে সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত প্রাথমিক আবেদন বা পদক্ষেপ নিতে হবে না। যারা ইউএইতে থাকতে চান, তারা গ্রেস পিরিয়ডের মধ্যে আবাসন বা কর্মসংস্থানের অবস্থা নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। আর যারা দেশ ছাড়তে চান, তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি চলে যেতে পারবেন। আইসিপি সংশ্লিষ্টদের সর্বশেষ নির্দেশনা ও তথ্য জানার জন্য সরকারি মাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























