অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩নং ডিস্ট্রিকের রাজ্য কাউন্সিলর এবং ভোলার লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তাকে এই সম্মাননা জানানো হয়।
নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি সোহেল আজিজ শাহীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, বিএনপির নেতা বাহালুল কবির শাকিল পাটোয়ারী, আবুল কালাম সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে পরপর দুইবার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান পিপলস পার্টির যে সাতজন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশি এই তরুণ অন্যতম। তার পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে। নয়নের বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের বেশি সময় ধরে অস্ট্রিয়া প্রবাসী এবং তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস-এর এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি। তিনি বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।
রিপোর্টারের নাম 





















