নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে তিন দিনব্যাপী ফল উৎসব শুরু হয়েছে, যা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি এবং কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু জফার মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ খান উপস্থিত ছিলেন। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নওগাঁয়ও তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত এই মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফলকে সবার কাছে পরিচিত করা এবং উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকদের সহায়তা করা। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচারও প্রদর্শন করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল) উপজেলায়ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত এই উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















