জাতীয় সংসদে সাংসদদের আবাসন সুবিধার অংশ হিসেবে মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং পর্দা দেওয়ার প্রস্তাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ সম্প্রতি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানের এমন প্রস্তাবের প্রেক্ষিতে বলেন, জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ করেন তিনি। তবে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই প্রস্তাবকে জামায়াত এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মন্তব্য করেন এবং বলেন যে তিনি (জামায়াত এমপি) নিজের জন্য নয়, বরং যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন, তাদের জন্য এই সুবিধা চেয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে আন্দালিভ রহমান পার্থ তার এই মন্তব্য করেন। এর আগে, গত বুধবার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি জানান জামায়াতের এমপি মিজানুর রহমান।
আন্দালিভ রহমান পার্থ বলেন, জামায়াত এমপির ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পর্দা চাওয়ার বিষয়টি বৃহৎ অর্থে সংসদকে প্রভাবিত করেছে। তিনি বলেন, আমরা অনেক কষ্টের পরে এই সংসদ পেয়েছি। এখানে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। গত সংসদ কেবল সংসদীয় গণতন্ত্রকেই হত্যা করেনি, সংসদের মানকেও সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি এখানে গান হয়েছে, অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরাসরি ওইদিকে না গেলেও কিছু জায়গায় আমরা ওইদিকে চলে যাচ্ছি। আমরা সংসদ সদস্য হিসেবে সমাজের অ্যাম্বাসেডর, বাইরে কোথাও গেলে সংসদকে প্রতিনিধিত্ব করি।
বিজেপির চেয়ারম্যান আরও বলেন, গতকাল বা পরশু দিন সংসদ থেকে যাওয়ার পরে অনেক টেলিফোন পেয়েছিলাম, সেখানে আমি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে জামায়াত এমপি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, পর্দা চেয়েছে। এটি আমাকে এবং সংসদকে অনেক লজ্জা দেয়। সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে জনগণের কথা বলবেন, জনগণের বিভিন্ন দাবির কথা তুলে ধরবেন। কিন্তু একজন সংসদ সদস্য দাঁড়িয়ে ওয়াশিং মেশিন পেল, না মাইক্রোওয়েভ ওভেন পেল, না পর্দা পেল তা নিয়ে কথা বলবে! সেখানে আবার বলা হয় আমরা গাড়ি নেব না, আমরা প্লট নেব না। আমার কাছে মনে হয় গাড়ি ও প্লট তারা যখন বাদ দিল, তাদের বুকের উপর কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হল! সেখানে এখন ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের এমন একটি মানদণ্ড অনুসরণ করা উচিত যা আমাদের সংসদকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।
রিপোর্টারের নাম 
























