সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে দুটি ইয়াবা বড়িসহ হাতেনাতে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এর পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাইসির খানকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টিও তাদের নজরে এসেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক পদ থেকে তাইসির খানকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 

























