ময়মনসিংহের গৌরীপুর বিদ্যুৎ বিভাগের বেসরকারি কর্মী মাসুদ করিম বাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের ফাঁসির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার বিকেলে ‘গৌরীপুরবাসী’ ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গৌরীপুর থানা, বিদ্যুৎ অফিস এবং উপজেলা পরিষদ ঘেরাও করে বিচার দাবি জানায়।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মাসুদ করিম বাবু। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবু গৌরীপুর পৌর শহরের পূর্ব ভালুকা গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি বিদ্যুৎ বিভাগের বেসরকারি কর্মী (লাইনম্যান) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎসংযোগ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করার পরই বাবুকে খুঁটিতে উঠতে দেওয়া হয়েছিল। কিন্তু খুঁটিতে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু প্রমাণ করে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এই ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বিক্ষুব্ধ জনতা জড়িতদের শাস্তির দাবি জানায়।
বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিসে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 
























