শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ব্যতিক্রমী ঘটনা স্থানীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির পরিচয়ে কয়েকজন নেতাকর্মী অংশ নিয়ে গ্রেপ্তারকৃত বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দেন।
স্থানীয় সূত্র জানায়, মিছিলের প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে বিএনপির কিছু নেতাকর্মীকে আওয়ামী লীগ নেতা লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়, যা স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে লিটন মুন্সিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সংঘটিত গুপ্ত মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তিনি আরও যোগ করেন, আদালত বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ জনমনে বিভেদ তৈরি করতে পারে।
রিপোর্টারের নাম 

























