দেশের সকল নাগরিকের জন্য সমান মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও ঘোষণা করেছেন যে, রাষ্ট্রের সকল সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে তিনি কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি সংস্কৃতির অংশ হবেন না।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য সফর উপলক্ষে গত রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার মাইদা ব্যাংকুয়েটিং হলে হাসনাত আব্দুল্লাহকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিক, বুদ্ধিজীবী, তরুণ সমাজ এবং গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনুষ্ঠানের পূর্বে জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের পলাতক কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে সংবর্ধনা বানচাল করার চেষ্টা করেছিল। তবে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্বেচ্ছাসেবক টিমের তৎপরতা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি, জুলাই যোদ্ধা, এনসিপির নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর এবং সদস্য সচিব এম. এ. হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র আবুবকর মোল্লা প্রমুখ।
রিপোর্টারের নাম 
























