চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন হিসেবে স্টার সিনেপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের চারটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রগুলো হলো ‘বরবাদ’, ‘তান্ডব’, ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’
আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এই চলচ্চিত্রগুলো স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় প্রদর্শিত হবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল, যা অ্যাকশন ও টানটান উত্তেজনায় দর্শকদের মুগ্ধ করেছে।
রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে দেখা যাবে শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ-এর মতো তারকাদের। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই হাই-ভোল্টেজ চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে।
এছাড়াও, তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দুটিও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিমসহ আরও অনেকে। নব্বই দশকের আবহে নির্মিত এই তারকাবহুল ছবিটি পরিবার নিয়ে উপভোগ করার মতো। অন্যদিকে, হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ অনেকে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সকল শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকেট সরাসরি স্টার সিনেপ্লেক্সের কাউন্টারে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























