রংপুর নগরে একটি হোটেলে পানের পিক ফেলাকে কেন্দ্র করে কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাওন (২৪) লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, হোটেলের ভেতরে প্লেট-বাসন ও টিস্যু রাখার স্থানে পানের পিক ফেলাকে কেন্দ্র করে শাওনের সঙ্গে মালিকের ছেলে মিজানুর রহমানের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মিজানুর হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে একাধিক আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় শাওন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিল গোয়েন্দা পুলিশের একটি দল। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মিজানুর রহমানকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেছেন যে পানের পিক ফেলাকে কেন্দ্র করেই তিনি শাওনকে হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় মিজানুর রহমান ও তার বাবা, হোটেল মালিক আমির হোসেনকে আসামি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 























