চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে পুশইনে সহায়তার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২২৫/৩-আর এলাকা দিয়ে ভারতের ৮৮ জন বিএসএফ সদস্য এক নারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় এবং বিজিবির তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে বিজিবি উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর পশ্চিমপাড়ার দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), রোকনপুর নেতারপাড়ার এমদাদুল হক জেন্টু (৩৮), রোকনপুর পশ্চিমপাড়ার রয়েল (২৬) ও আজমকে (৩৫) আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একই এলাকার আলম (৩৮), আসমাউল হক (৩০) ও মেজবাউল (৩০) নামে আরও তিনজনকে আটক করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিজিবির মাধ্যমে চারজনকে থানায় সোপর্দ করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের অভিযানে আরও তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মোট সাতজন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























