বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করার অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত বিকাশ বালা মাদকের টাকা জোগাড় করতে না পারলেই বসতঘর ভাঙচুরসহ তার মা ও বাবাকে মারধর করে আসছিলো। তাকে সুস্থ করার জন্য ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। সেখান থেকে বের হয়েই এলাকার কতিপয় মাদকসেবীর প্ররোচনায় সে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে। এর আগে বিকাশের মা-বাবা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় বিকাশ দেশে ফিরে আসে।
মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বিকাশকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
রিপোর্টারের নাম 






















