সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঢাকার পার্শ্ববর্তী এবং দেশের দক্ষিণাঞ্চলের এই জেলাগুলোতে রেল সেবা সম্প্রসারিত করা হবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব জেলা রেল যোগাযোগের আওতায় আসছে সেগুলোর মধ্যে রয়েছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ও সভাপতিত্বে অনুষ্ঠিত রেল মন্ত্রণালয়ের সর্বশেষ সভায় বর্তমান রেল সেবার সার্বিক অবস্থা, কানেক্টিভিটি এবং উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং মতামতও দিয়েছেন। সভায় যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ও সেবা সম্প্রসারণের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রী আরও জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রুটে বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ধীরাশ্রমে একটি আইসিডি কন্টেইনার প্রকল্পের অনুমোদন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের রেলপথ রয়েছে। এছাড়া, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট রুটের মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণও জরুরি বলে বিবেচিত হয়েছে এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রকল্প গ্রহণের তাগিদ এসেছে।
বর্তমানে দেশের ৪৯টি জেলার সাথে রেল যোগাযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের ৬৪টি জেলাকেই রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলাকে রেল সংযোগের আওতায় আনার জন্য রেললাইন ও সংশ্লিষ্ট সেবার সম্প্রসারণে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 




















