ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা দীর্ঘদিনেও একটি আধুনিক ডাম্পিং স্টেশন গড়ে তুলতে পারেনি। এর ফলস্বরূপ, যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, যা পুরো শহরকে পরিণত করেছে দুর্গন্ধময় ভাগাড়ে। হাট-বাজার থেকে শুরু করে আবাসিক এলাকা পর্যন্ত ছড়িয়ে থাকা এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
পৌরসভার এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কালীগঞ্জ পৌরবাসী অভিযোগ করছেন যে, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছে, তবে কার্যকর কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত এবং প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া এই পৌরসভার আয়তন ১৫.৮৩ বর্গকিলোমিটার। শহরের মধ্য দিয়ে ঢাকা-খুলনা ও মেহেরপুর-খুলনা মহাসড়ক বিদ্যমান। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা পর্যাপ্ত ডাস্টবিন সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এবং যে ক’টি ছিল, সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে। ফলে বাধ্য হয়েই বাসিন্দারা ড্রেন, নদ, খাল, পুকুর, ডোবা, ক্রীড়া ফেডারেশনের পেছনে, কলেজপাড়া, কাশিপুর বেদেপল্লির সন্নিকটে, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে, আডপাড়া খালের মধ্যে, রেলস্টেশন সড়কের দুপাশে, নতুন বাজার, চিত্রা নদীর পাশে ও বিভিন্ন আবাসিক এলাকায় ময়লা ফেলছেন। এমনকি শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ির সামনেও প্রতিদিন ময়লার স্তূপ দেখা যায়, যা পথচারীদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























