জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনী এলাকায় এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছেন। জনগণের ভাবনা ও প্রত্যাশা সরাসরি জানতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। শুক্রবার বাউফল উপজেলায় আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো জনগণের মতামত সংগ্রহ করে তাদের কণ্ঠস্বর হিসেবে তা জাতীয় সংসদে উপস্থাপন করা। তিনি অঙ্গীকার করেন যে, এই সভা থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে। ড. মাসুদ জোর দিয়ে বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের একক সংসদ সদস্য নন, বরং বাউফলের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করাই তার লক্ষ্য। তিনি আরও মন্তব্য করেন, ‘বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।’
বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত দেন। শিক্ষা খাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনার আহ্বান জানানো হয়।
এছাড়া, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।
রিপোর্টারের নাম 
























