পুঁজিবাজার সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকার পুঁজিবাজার সংক্রান্ত বিরোধের জন্য একটি বিশেষায়িত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পর্যালোচনা করছে, যার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার আইনি ক্ষমতা সম্পন্ন একটি বিশেষ ট্রাইব্যুনাল বা ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী তার বক্তৃতায় আরও উল্লেখ করেন যে, আনুষ্ঠানিক আপিল ছাড়াই সহজ সমাধানের সুযোগ করে দিতে আয়কর বিরোধে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর পরিধি বাড়ানো হবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া কমাতে এবং আদায়ের কার্যকারিতা বাড়াতে সরকার খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা-পূর্ব মধ্যস্থতার ব্যবহারকেও উৎসাহিত করবে।
প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগ) জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা এবং সুপ্রীম কোর্টের জন্য ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৭৫ কোটি টাকা এবং সুপ্রীম কোর্টের জন্য ছিল ২৭০ কোটি টাকা। এই বরাদ্দ বৃদ্ধি বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















