রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখা ‘মেট্রোরেল ভবন উপশাখা’ চালু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।
উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন শহর উপশাখা হিসেবে পরিচালিত এই নতুন শাখাটি ডিএমটিসিএল-এর কর্মকর্তা-কর্মচারী, মেট্রোরেল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ করে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মেট্রোরেলের মতো একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থার প্রশাসনিক ভবনে ব্যাংকের উপশাখা চালু হওয়ায় সংশ্লিষ্ট সকলের ব্যাংকিং সুবিধা প্রাপ্তি সহজ ও দ্রুত হবে। এটি ডিজিটাল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভূমিকাকে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 



















