প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাবনা উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষা ও জনস্বাস্থ্য বিবেচনায় বিভিন্ন পণ্যে শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাজেটে গৃহীত পদক্ষেপের কারণে যেসব পণ্যের মূল্য কমবে তার মধ্যে রয়েছে হার্টের রিং বা স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, বিশেষ চাহিদা-সম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজনীয় স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API), জীবনরক্ষাকারী অন্যান্য ঔষধ, সলিড-স্টেট ড্রাইভ (SSD), পয়েন্ট অফ সেলস (POS) মেশিন, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য। এছাড়া, ৫০ হাজার ডলার মূল্য পর্যন্ত ইলেকট্রিক গাড়ি (EV), ২০০০ সিসি পর্যন্ত প্লাগ-ইন ইলেকট্রিক গাড়ি (PHEV), ইলেকট্রিক বাস ও ট্রাক, ইলেকট্রিক বাইক (E-bike), ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন, সোলার প্যানেল/ফটোভোলটাইক সেল, লিথিয়াম ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, সোলার প্যানেল মাউন্টিং স্ট্রাকচার, স্মার্টকার্ড ও ব্যাংক কার্ড, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP), মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি, সিনথেটিক ওভেন ফ্যাব্রিক্স, এবং গিটার, পিয়ানো, ভায়োলিনের মতো বাদ্যযন্ত্রের দামও কমতে পারে। সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং এর যন্ত্রাংশ, স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস, ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন কুকার, ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার হিটার ও গিজার, এবং স্থানীয়ভাবে উৎপাদিত কিছু পণ্য সামগ্রীর দামও কমানোর প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, সিগারেট ও তামাকজাত পণ্য, বাংলাদেশে প্রস্তুতকৃত বিলাতি মদ, ১২০০-১৬০০ সিসি পর্যন্ত আইসি ইঞ্জিন বিশিষ্ট গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, আমদানিকৃত কোল্ড রোলড এবং কোটেড কয়েল ও শিট, আমদানিকৃত ১ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার এবং আমদানিকৃত ১২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ডিসি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 




















