নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে মদনপুরের চাঁনপুর এলাকার ভাড়াটিয়া মান্নানের কক্ষে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং অন্য একটি পরিবারের শিশু হযরত আলী (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বন্দরের মদনপুর থেকে আগুনে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ পুড়ে গেছে। তারা একই পরিবারের সদস্য এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, হযরত আলী নামের শিশুটির ৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 























