রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে বুধবার অনুষ্ঠিত হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন ‘স্বপ্ন আম উৎসব’। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় সুপারশপ ‘স্বপ্ন’-এর আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুমিষ্ট পাকা আম বিতরণ করা হয়। আম বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়। দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।
আয়োজক ও স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থেকে পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন। উল্লেখ্য, শুধু মহাখালী (করাইল) নয়, দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই মৌসুমি আনন্দ পৌঁছে দিতে ‘স্বপ্ন’ একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ঢাকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১ এবং উত্তরা (রাজাবাড়ি চৌরাস্তা, তুরাগ) এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট মহানগর অঞ্চলেও ‘স্বপ্ন’-এর পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘স্বপ্ন’-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ এন্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, ‘স্বপ্ন’ সবসময় বিশ্বাস করে, নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছি, তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছি এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এটি শুধু একটি ক্যাম্পেইন নয়; বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে ‘স্বপ্ন’-এর সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।
রিপোর্টারের নাম 



















