কক্সবাজারের উখিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে প্রবেশ করেছিল। এদের মধ্যে মোহাম্মদ নুর, মোহাম্মদ নুর আমিন, মোহাম্মদ নুর ছাদেক, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রায়গুনা, মোহাম্মদ সৈয়দন্দর, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবু হাসেম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নুরুল সামাদ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোশারফ, জুবায়েদ, বনি আমিন, মোহাম্মদ হালেম এবং মোহাম্মদ সৈয়দ রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের শিবিরের বাইরে অবাধ চলাচল বা স্থানীয় বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার অনুমতি নেই। এই ধরনের কর্মকাণ্ড তাদের অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। আটককৃত ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















