চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক পাচারকারীদের একটি অভিনব কৌশল পুলিশি অভিযানে ভণ্ডুল হয়েছে। সাধারণ গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ইয়াবা। পুলিশ ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এই ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল পিপিএম (বার) সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের সংকেত পেয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক মহাসড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ পরিত্যক্ত গাড়িটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক করে। সিলিন্ডারটি অস্বাভাবিকভাবে হালকা হওয়ায় এবং বিশেষ কৌশলে কেটে পরীক্ষা করা হলে এর ভেতরে তৈরি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বেরিয়ে আসে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ২৪ হাজার পিস, যা সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে উদ্ধার হওয়া অন্যতম বড় মাদক চালান। মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যাস সিলিন্ডারের ভেতরে এমন গোপন কক্ষ তৈরি করে ইয়াবা পরিবহনের পরিকল্পনা করেছিল। অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম (বার) বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। তবে পুলিশও প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের তৎপরতা প্রতিহত করছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















