নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহার না করে ব্যক্তিগত উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই দলটির কোনো ব্যানার বা পদবি ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনি সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি যদি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সব শর্ত পূরণ করেন, তবে তার অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তবে প্রচারণার সময় আওয়ামী লীগের পক্ষে কোনো বক্তব্য বা প্রচারণা চালানো যাবে না বলেও তিনি সতর্ক করেন।
একই সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উপদেষ্টা জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই বহন করার সক্ষমতা রাখে। বিদেশি কোনো দেশ সহায়তা করতে চাইলে সে পথও খোলা রাখা হবে। এছাড়া ভারত থেকে পুশইনের বিষয়ে তিনি বলেন, এটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ, যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 






















