রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের একটি দল যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ওই হলের একটি কক্ষ থেকে মাদকদ্রব্যসহ চার শিক্ষার্থীকে ধরা হয়। অভিযানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার সুষ্ঠু ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
রিপোর্টারের নাম 

























