সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক কর্তৃক প্রখ্যাত আলেম ও শাইখুল হাদিস আল্লামা নূর উদ্দীন গহরপুরী (রাহ.) এবং গহরপুর অঞ্চল নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন বলেন, আল্লামা নূর উদ্দীন গহরপুরী দেশের একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন কাণ্ডজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের মন্তব্য কেবল গহরপুরবাসীর নয়, বরং দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে।
মহাসচিব আরও উল্লেখ করেন, গত নির্বাচনে আল্লামা গহরপুরীর ছেলে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু ছিলেন এম এ মালিকের প্রতিদ্বন্দ্বী। সেই রাজনৈতিক বিরোধের জেরে একজন প্রয়াত বরেণ্য আলেমকে আক্রমণ করা নিচু মানসিকতার পরিচয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের জনপ্রতিনিধিদের এমন উসকানিমূলক আচরণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে এমপি মালিককে দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 






















