পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ঘর ও ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বহিষ্কার দাবি করা হয়েছে। সোমবার বিকেলে ভাঙ্গুড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির। অভিযুক্ত নেতার নাম সোহেল রানা, যিনি পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সোহেল রানার এমন অনৈতিক কর্মকাণ্ডের ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। গত শুক্রবার রাতে ভুক্তভোগীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত শনিবার সোহেল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















