জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্রলীগের কর্মীরা দেওয়ানগঞ্জের স্টেশন এলাকা, গাবতলী, কালীতলাসহ অন্তত চারটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মণ্ডল অভিযোগ করে বলেন, ‘দুই দিন আগে ছাত্রলীগ একটি মিছিল করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। এরই জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর শহরের চারটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এতে কেউ হতাহত হয়নি। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, যেসব স্থানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেসব জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে কোথাও বিস্ফোরণের আলামত কিংবা প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এই অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 






















