বান্দরবানের লামা উপজেলার বোধিছড়ার কোয়ান্টাম কসমো ও কলেজের দুই শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। বিজয়ীরা হলেন উচিংওয়াং মারমা এবং মেনটন টনি ম্রো। গত ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের অংশ হিসেবে, সিনিয়র ও জুনিয়র বিভাগে মোট ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্ট শিক্ষার্থীরা। এর মধ্যে, জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উচিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক এবং ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। একই দিনে, আরেক জুনিয়র খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩.১৫০ পয়েন্ট সংগ্রহ করে স্বর্ণপদক জিতে নেন।
এই অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, জিমন্যাস্টদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি আরও জানান, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই তাদের মূল লক্ষ্য। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় লামা উপজেলাবাসী গর্বিত।
রিপোর্টারের নাম 






















