বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে উপজেলা ঘোষণা করায় উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসম্বর্ধনায় এসব কথা বলেন তিনি।
রুহিয়া হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার প্রত্যেকটা নির্বাচনি প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তারই একটি হচ্ছে, ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা। ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু এবং বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড নির্মাণের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনি প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত তিন মাসে আমরা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা করেছি।’
তরুণদের মাদকাসক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তরুণরা, যুবকরা মাদকাসক্ত হচ্ছে, তাদের মাদকাসক্তি থেকে আমাদের রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।’
এ অনুষ্ঠানে মির্জা ফখরুল রুহিয়ায় এসে তার চির প্রতিদ্বন্দ্বী সদ্যপ্রয়াত প্রাক্তন সংসদ সদস্য ও মন্ত্রী, আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন, জাপা নেতা নুরুল হক বোমবার্ড, বিএনপির জেলা সভাপতি তৈমুর রহমানসহ রুহিয়ার উন্নয়নে যারা অবদান রেখেছেন, সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে গণসংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
সভায় আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে, রুহিয়া চৌরাস্তার রুহিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টিকে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদের কার্যালয় হিসেবে উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্রেকিং নিউজ::
সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















