পরিবেশ রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘জনস্বার্থ ফুলবাড়ীয়া’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০৩০ সালের মধ্যে পুরো উপজেলায় ১০ লাখ বৃক্ষরোপণের সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে গত এক মাসেই বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ সম্পন্ন হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেবল চারা রোপণই নয়, গাছগুলোর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে স্থানীয়ভাবে তদারকি টিম গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী খোরশেদ আলম বিপ্লবের পরিকল্পনা ও নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটির এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























