সিলেটের চার বছরের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ২৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত চার্জশিট দাখিল না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ফাহিমার বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবে অন্যান্য আলোচিত মামলার বিচারের ঘোষণা দেওয়া হয়েছে, ফাহিমার ক্ষেত্রেও যেন একই গুরুত্ব দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার ঘোষণা ও তার দ্রুত বাস্তবায়ন দেখতে চায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
তিনি আরও বলেন, অপরাধীদের দৌরাত্ম্য রুখতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফাহিমার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















