রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তার। মঙ্গলবার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানের সময় তারা ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। এ সময় আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং শোকাতুর বাবা অসুস্থ বোধ করলে আদালতের অনুমতি নিয়ে চেয়ারে বসে সাক্ষ্য দেন।
আদালতে বাবা আব্দুল হান্নান মোল্লা জানান, ঘটনার দিন অফিসে যাওয়ার পর স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত বাসায় ফেরেন তিনি। ভবনে লোকজনের ভিড় দেখে তৃতীয় তলায় আসামিদের ফ্ল্যাটের সামনে যান। দরজা খোলার পর টয়লেটের সামনে রক্তের দাগ এবং খাটের নিচে মেয়ের বিচ্ছিন্ন মাথা দেখে তিনি সংজ্ঞা হারান। অন্যদিকে, মা পারভীন আক্তার জানান, ঘটনার দিন রান্নায় ব্যস্ত থাকার সময় দুই শিশুকে খুঁজতে বের হয়ে একপর্যায়ে তিনি আসামিদের ফ্ল্যাটের সামনে যান। সাক্ষ্যগ্রহণকালে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরাও করেন। মামলার বাদী ও ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রিপোর্টারের নাম 





















