আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘যে যত বড় নেতাই হোক না কেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।’
শুক্রবার ঝিনাইদহের শৈলকূপার ভাটইবাজারে ফুলহরি ও দুধসর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সততা, জবাবদিহি ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’
অন্যদিকে, এদিন সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে। তিনি বলেন, ‘উনি বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো। তিনি দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না। সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
তিনি জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবই সরকার গ্রহণ করেছে। বাকি সংস্কারগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















