বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়।
নিহতরা হলেন, উজিরপুর পৌরসভার বাসিন্দা ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের মেয়ে জান্নাত আক্তার। প্রত্যক্ষদর্শীদের বরাতে উদ্ধার অভিযানে থাকা গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ। বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলটি থামানো হলে ‘তাজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভে বাসটি ভাঙচুর করে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, এর চালক ও হেলপারকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 























